মৌলভীবাজারে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক হাবিবুর রহমান (১৮) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজন এবং চোরাই ব্যাটারি কেনার অভিযোগে একজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মরদেহ উদ্ধারের আট ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। এ সময় নিহতের অটোরিকশার চারটি ব্যাটারি, ব্যবহৃত স্যান্ডেল ও গলায় পেঁচানো গলাবন্ধনী উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মৌলভীবাজার সদর উপজেলার কোজারগাঁও এলাকার আছকান মিয়া (২৭), বড়বাড়ি সোনাপুর এলাকার আমিন আলী (৪৫), সিংকাপন এলাকার সোহেল মিয়া (৩২) এবং মোস্তফাপুর এলাকার আঃ মোসাব্বির (২৮)। তাঁদের মধ্যে প্রথম তিনজন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এবং মোসাব্বির চোরাই ব্যাটারি কেনার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।
পুলিশ জানায়,গত ১৭ নভেম্বর দুপুর ১২টার দিকে মৌলভীবাজার পৌরসভার বড়বাড়ি সোনাপুর এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহের পরিচয় শনাক্ত করে জানা যায়, নিহত ব্যক্তি হাবিবুর রহমান। তিনি মৌলভীবাজার সদর উপজেলার শিমুলতলা বাজার এলাকার বাসিন্দা এবং পেশায় অটোরিকশাচালক। গত ১৬ নভেম্বর সকাল থেকে অটোরিকশাসহ তিনি নিখোঁজ ছিলেন।
মরদেহ উদ্ধারের পরপরই পুলিশ তদন্ত শুরু করে। একপর্যায়ে বড়বাড়ি এলাকা থেকে ব্যাটারিবিহীন অবস্থায় হাবিবুরের অটোরিকশাটি উদ্ধার করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আছকান মিয়া,আমিন আলী ও সোহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী,বড়হাট এলাকার আবিদা স্টোর নামের একটি দোকান থেকে অটোরিকশার চারটি ব্যাটারি উদ্ধার করা হয়। পরে দোকানি আঃ মোসাব্বিরকেও গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে,গত ১৬ নভেম্বর সকাল ১০টার দিকে আছকান মিয়া সাধারণ যাত্রীর ছদ্মবেশে মৌলভীবাজার শহরের স্প্রিং কর্নার এলাকা থেকে হাবিবুরের অটোরিকশাটি ভাড়া করেন। পরে তিনি সেটি নিয়ে আমিন আলীর বাড়িতে যান। সেখানে আগে থেকেই অবস্থান করা আমিন ও আছকান কৌশলে হাবিবুরকে আটক করেন। পরে আছকান ফোন করে সোহেল মিয়াকে সেখানে ডেকে নেন।
সোহেল পৌঁছানোর পর তিনজন মিলে হাবিবুরের গলায় গলাবন্ধনী পেঁচিয়ে এবং নাক-মুখ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এরপর মরদেহটি আমিনের ঘরের এক পাশে রেখে দেওয়া হয়।
পুলিশ আরও জানায়,হত্যার পর আছকান ও সোহেল অটোরিকশার চারটি ব্যাটারি বড়হাট এলাকার আবিদা স্টোরের দোকানি আঃ মোসাব্বিরের কাছে ৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন। ওই টাকা দিয়ে ইয়াবা কিনে তাঁরা আবার আমিনের বাড়িতে যান এবং তিনজন মিলে মাদক সেবন করেন। পরে ১৭ নভেম্বর রাত আনুমানিক ১টার দিকে মরদেহ গোপন করার উদ্দেশ্যে আমিনের বাড়ির পশ্চিম পাশে ছড়ার পাড়ে ঝোপের মধ্যে ফেলে রেখে চলে যান। এ ছাড়া আমিনের বাড়ির কাছ থেকে নিহতের ব্যবহৃত স্যান্ডেল ও গলাবন্ধনী উদ্ধার করেছে পুলিশ।
মৌলভীবাজারের পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরের নেতৃত্বে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম,পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকারসহ পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
মতামত