বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, ব্যবসায়ী, নীতিনির্ধারক এবং কূটনীতিকেরা চলতি সপ্তাহে চীনের শেনজেনে একত্র হয়েছেন। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) জোটের বার্ষিক সম্মেলন উপলক্ষে সেখানে জড়ো হয়েছেন তাঁরা।
আন্তর্জাতিক বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন ও আঞ্চলিক নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছে এই সম্মেলনে।
এপেক ২১টি সদস্যদেশ নিয়ে গঠিত একটি অর্থনৈতিক জোট। এর সদস্যদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, রাশিয়া, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশগুলো।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বের মোট জিডিপির ৬১ শতাংশ এবং বৈশ্বিক বাণিজ্যের ৪৭ শতাংশ এই জোটের সদস্যদেশগুলোর দখলে।
প্রতি বছর জোটের সদস্যদেশগুলো পর্যায়ক্রমে এই সম্মেলনের আয়োজন করে। এতে বাণিজ্য বাড়ানো, শিল্প ও বিনিয়োগের প্রসার, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা।
এবার সম্মেলনের আয়োজক চীন। দেশটির দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও উৎপাদনশিল্পের কেন্দ্র শেনজেনে অনুষ্ঠিত হচ্ছে এবারের আয়োজন। হংকংয়ের সীমান্তসংলগ্ন এই শহর চীনের প্রযুক্তি খাতের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত।
সম্মেলনের বিভিন্ন কর্মসূচির মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে দুই দিনব্যাপী অর্থনৈতিক নেতাদের বৈঠক। এতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা অংশ নিচ্ছেন। মূল সম্মেলনের পাশাপাশি নেতাদের দ্বিপক্ষীয় ও অনানুষ্ঠানিক আলোচনাও বিশেষ গুরুত্ব পাচ্ছে।
অতীতেও এপেক সম্মেলনে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ঘটনা ঘটেছে। ২০১৮ সালে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা বাড়ার সময় দুই দেশের নেতারা সম্মেলনে কঠোর বক্তব্য দিয়েছিলেন। ওই বছর জোটের সদস্যরা প্রথমবারের মতো যৌথ ঘোষণায় একমত হতে পারেননি।
গত বছর ট্রাম্প এপেক সম্মেলনে অংশ না নিলেও সম্মেলনের আগে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছিলেন। কয়েক মাস ধরে চলা শুল্কবিরোধের পর ওই বৈঠকে দুই দেশ একটি বাণিজ্যচুক্তিতে পৌঁছায়।
এবারের সম্মেলনেও যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক, বৈশ্বিক বাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তার মতো বিষয়গুলোতে নেতাদের আলোচনা আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে।
সূত্র: সিএনএন
মতামত