মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করা,কৃষি বিপণন লাইসেন্স না থাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি।
অভিযানকালে কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(১)(ক), ১৯(১)(ঙ) ও ১৯(১)(চ) ধারা লঙ্ঘনের দায়ে তিনটি পৃথক মামলা করা হয়। এর মধ্যে একটি মুদির দোকানে মূল্য তালিকা প্রদর্শন ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই ধরনের অনিয়মের পাশাপাশি মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে অপর একটি মুদির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মূল্য তালিকা প্রদর্শন ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় একটি মাংসের দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনটি মামলায় সর্বমোট ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানকালে ব্যবসায়ীদের দোকানে পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ না করার বিষয়ে সতর্ক করা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে,ভোক্তাদের স্বার্থ ও অধিকার সংরক্ষণ,বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নিরাপদ পণ্য ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
মতামত