সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ এলাকায় গিয়ে শেষ হয়।
পরে সেখানে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন। সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, মিজানুর রহমান নিজাম,মো. ফখরুল ইসলাম,বকশী মিজবাউর রহমান ও হেলু মিয়া। এ ছাড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু,সাধারণ সম্পাদক মারুফ আহমদ এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ারা আহমেদ রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা দেশব্যাপী যেকোনো ধরনের সন্ত্রাস,সহিংসতা ও নৈরাজ্য প্রতিহত করার পাশাপাশি শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মতামত