মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুড়াইছড়া সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ১০ লাখ ১১ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২১ নভেম্বর) শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়,শনিবার সকাল ১০টা ২০ মিনিটে মুড়াইছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৪৫/এম থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নন্দীগ্রাম এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৫১০ প্যাকেট ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য জব্দ করা হয়।
এরপর দুপুর ১২টা ১৫ মিনিটে সীমান্ত পিলার ১৮৪২/৮৮এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লুতুঝুড়ি পুঞ্জি এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে আরও ২ হাজার ৫৪৫ প্যাকেট তামাকজাত দ্রব্য উদ্ধার করে বিজিবি।
পৃথক দুটি অভিযানে সর্বমোট ৫ হাজার ৫৫৫ প্যাকেট ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ১০ লাখ ১১ হাজার টাকা।
বিজিবি জানায়, জব্দ করা তামাকজাত দ্রব্যের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এসব পণ্যের সঙ্গে জড়িত পলাতক চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান,সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং চোরাচালানসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
মতামত