ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির (আইবিবিএল) সঙ্গে চুক্তি স্বাক্ষরের এক বছর হতে চলেছে। তবে প্রশাসনের সদিচ্ছার অভাবে এ উদ্যোগে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। ফলে ভর্তি, সেমিস্টার, পরীক্ষা ও সনদ উত্তোলনসহ বিভিন্ন কাজে ফি জমা দিতে এখনো ব্যাংকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। বারবার অনলাইন পেমেন্ট সিস্টেম চালুর আশ্বাস মিললেও তার বাস্তবায়ন না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে ক্ষোভ ও হতাশা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অনলাইন পেমেন্ট সিস্টেম চালুর জন্য একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও তা এখনো পুরোপুরি কার্যকর করতে পারেনি প্রশাসন। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ছাত্রসংগঠনের আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে গত বছরের ৮ নভেম্বর শিক্ষার্থীদের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক ফি অনলাইনে পরিশোধের সুবিধার্থে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে প্রশাসন। তবে চুক্তির এক বছর হতে চললেও এর বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। অভিযোগ উঠেছে, চলতি বছরের মাঝামাঝি প্রশাসনে পরিবর্তনের পর থেকে চুক্তিটি বাস্তবায়নে কোনো উদ্যোগ নিচ্ছে না বর্তমান প্রশাসন। এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গেও কার্যকর কোনো যোগাযোগ রাখছে না তারা। ফলে দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে শিক্ষার্থীদের ডিজিটাল পেমেন্ট সুবিধা চালুর উদ্যোগ।
জানা যায়, চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে গত ১৯ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী ইবি শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে ই-পেমেন্ট, এটিএম কার্ড ও অনলাইন ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতে ক্যাম্পাসে বিশেষ ক্যাম্পেইন বুথ স্থাপন করে ইসলামী ব্যাংক। বুথ থেকে শিক্ষার্থীদের চার্জমুক্ত ব্যাংকিং সুবিধা, ডুয়েল কারেন্সি কো-ব্র্যান্ডেড ভিসা ডেবিট কার্ড, সহজে অ্যাকাউন্ট খোলার সুযোগ ও তাৎক্ষণিক ভার্চুয়াল কার্ডসহ বিভিন্ন আধুনিক সেবা দেওয়া হয়। এ ছাড়া, পরীক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের ফি অনলাইনে সংগ্রহ করা হয়। পাশাপাশি চলতি শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি ফিও ব্যাংকটির মাধ্যমে অনলাইনে নেওয়া হয়। এতে নতুন শিক্ষার্থীদের ব্যাপক সাড়া মেলে বলে জানা যায়। তবে প্রশাসনের অসহযোগিতা ও বিভাগগুলো থেকে পূর্ণাঙ্গ তথ্য না পাওয়ায় কার্যক্রমটি আর এগোয়নি।
এদিকে ব্যাংকিং ব্যবস্থাপনায় বিভিন্ন সময় সমন্বয়হীনতা, প্রশাসনিক জটিলতা ও ফি ব্যবস্থাপনার নানা অসংগতি নিয়েও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ রয়েছে। অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখায় তথ্য সংরক্ষণে গাফিলতির কারণে ব্যাংকে টাকা জমা দেওয়ার পরও অনেক শিক্ষার্থীর নামে বকেয়া দেখানো হচ্ছে। এতে সনদ, ট্রান্সক্রিপ্টসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাদের। এ ছাড়া রসিদ দেখাতে না পারলে পুনরায় ফি পরিশোধে বাধ্য করার অভিযোগও রয়েছে। এসব জটিলতা এড়াতে ডিজিটাল পেমেন্ট সিস্টেমকে কার্যকর সমাধান হিসেবে দেখছেন শিক্ষার্থীরা।
ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী সিরাজাম মুনিরা বলেন, বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফি পরিশোধ ও শিক্ষার্থীদের তথ্য দেখার জন্য অনলাইন সিস্টেম চালু রয়েছে। অথচ আমাদের বিশ্ববিদ্যালয়ে এখনো পুরোনো ব্যাংকনির্ভর পদ্ধতি চলছে। ভর্তি, সেমিস্টার, পরীক্ষা ও সনদ উত্তোলনের ফি জমা দিতে ব্যাংকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হয়। দীর্ঘদিন ধরে অনলাইন পেমেন্ট সিস্টেম চালুর আশ্বাস দেওয়া হলেও দৃশ্যমান অগ্রগতি নেই। প্রশাসনের সময়োপযোগী পদক্ষেপের অভাবে বিশ্ববিদ্যালয়টি পিছিয়ে যাচ্ছে।
ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী সাদিয়া তাবাসসুম বলেন, চার বছরে গ্র্যাজুয়েশন শেষ করার চেয়ে সনদ তোলা বেশি কষ্টের। হল ফি, পরীক্ষা ফি, সেশন ফি বা পরিবহন ফির কোনো একটি বকেয়া থাকলে অ্যাডমিট কার্ড পাওয়া যায় না। সনদ তুলতে গিয়ে দেখি, আমার তিন সেমিস্টারের পরীক্ষা ফি খাতায় তোলা হয়নি, বকেয়া দেখাচ্ছে। ইবির সব সিস্টেম অনলাইন হলে এসব সমস্যা দ্রুত সমাধান হতো, শিক্ষার্থীরাও প্রশাসনিক হয়রানি থেকে মুক্তি পেত।
ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী রাসেল আহমেদ বলেন, আলাদা আলাদা ফি জমা দেওয়া, একাধিক ফরম পূরণ এবং বিভিন্ন জায়গা থেকে সিল-স্বাক্ষর নিতে গিয়ে ভোগান্তি পোহাতে হয়। প্রশাসনের নিজস্ব ভুলে কোনো সেমিস্টারের ফি জমা না হলে বা রসিদ হারিয়ে গেলে তার সম্পূর্ণ দায় শিক্ষার্থীদের ওপর চাপানো হয়। ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে এসব ভোগান্তি দূর করে বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীবান্ধব করার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. জাহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে বিস্তারিত না জানিয়ে সাবেক পরিচালক অধ্যাপক শাহজাহান আলীর সঙ্গে কথা বলার পরামর্শ দেন। তবে তিনি বলেন, পেমেন্ট একটি গৌণ বিষয়। শিক্ষার্থীরা যেকোনো ব্যাংক থেকেই ফি পরিশোধ করতে পারবেন। শুধু পেমেন্ট ব্যবস্থা নয়, আমাদের পূর্ণাঙ্গ ডিজিটাল সিস্টেম চালুর পরিকল্পনা রয়েছে।
সাবেক আইসিটি সেল পরিচালক অধ্যাপক শাহজাহান আলী বলেন, ইসলামী ব্যাংকের সঙ্গে চুক্তি অনুযায়ী গত ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে ফি নেওয়া হয়েছিল। তবে প্রতিটি বিভাগের আলাদা ফি কাঠামো, সঠিক তথ্য এন্ট্রি ও তালিকা তৈরির মতো অভ্যন্তরীণ জটিলতা এবং সহযোগিতার অভাবে কার্যক্রম খুব বেশি এগোয়নি। ব্যাংক শুধু পেমেন্ট গেটওয়ের দায়িত্ব পালন করবে। কিন্তু শিক্ষার্থীদের ফি ও তথ্যের তালিকা বিভাগগুলোকে ডিজিটাল পদ্ধতিতে প্রস্তুত করে দিতে হবে। বর্তমান প্রশাসন সদিচ্ছা নিয়ে উদ্যোগী হলে সার্বিক পেমেন্ট ব্যবস্থায় ডিজিটাল পদ্ধতি সফলভাবে কার্যকর করা সম্ভব।
ইসলামী ব্যাংকের কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়স্থ শেখপাড়া সাব-ব্রাঞ্চের ইনচার্জ মোহাম্মদ রবিউল বলেন, ‘গত বছরের শেষের দিকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনলাইন ফি পরিশোধসংক্রান্ত চুক্তি সম্পন্ন হয়। এর আওতায় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের ফি অনলাইনে সফলভাবে আদায় করা হয়েছে। পরে প্রশাসনের চাহিদা অনুযায়ী ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভর্তি ফিও নেওয়া হয়েছিল। ডিজিটাল পেমেন্ট সিস্টেম বাস্তবায়নের জন্য ইতোমধ্যে প্রায় ১৬ হাজার শিক্ষার্থীর তথ্য সিস্টেমে হালনাগাদ করে রাখা হয়েছে। অনলাইন পেমেন্টের পর শিক্ষার্থীরা যেন সহজেই তাদের সব তথ্য ও লেনদেন দেখতে পারেন, সে ব্যবস্থাও ব্যাংকের পক্ষ থেকে সম্পন্ন করা হয়েছে। এমনকি সনদ উত্তোলন, পরীক্ষা ফি ও হল ফির মতো প্রতিটি আলাদা দপ্তরের জন্য পৃথক সেটআপও তৈরি করে দেওয়া সম্ভব।
তিনি আরও বলেন, আমাদের সব ধরনের সেটআপ প্রস্তুত থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের যোগাযোগ না থাকায় আমরা সেবাটি চালু করতে পারছি না। প্রশাসন যখনই চাইবে, আমরা তখনই এটি চালু করতে সম্পূর্ণ সক্ষম।
মতামত