দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন ঢাকা বিভাগের এবং অন্যজন খুলনা বিভাগের। এ নিয়ে চলতি বছরের ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে প্রাণ হারিয়েছে মোট ১ হাজার ৩৪৩ শিশু।
শনিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে মারা গেছে দুই শিশু। এখন পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ১ হাজার ২৩৮। আর পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ১০৫ শিশু।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে আসা শিশুর সংখ্যা ৮৩১।
নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া শিশুদের মধ্যে ঢাকা বিভাগে ৫৫, সিলেটে ২৫, চট্টগ্রামে ১২ এবং রংপুরে দুজন রয়েছে।
অন্যদিকে সন্দেহজনক রোগীর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এই বিভাগে নতুন করে ৩৫৭ শিশু শনাক্ত হয়েছে। এছাড়া চট্টগ্রামে ১৪৫, সিলেটে ১০১, বরিশালে ৮৩, খুলনায় ৬০, ময়মনসিংহে ৫৬, রংপুরে ১৮ এবং রাজশাহীতে ১১ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৪২৪। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ৬০ শিশুর।
এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২৮ হাজার ৪৬৬ শিশু। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ২ লাখ ১৯ হাজার ৭১৮ শিশু।
মতামত