যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এশিয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসবের ১২তম আসরে সেরা অভিনেত্রীর ‘স্নো লেপার্ড’ পুরস্কার জিতেছেন বাংলাদেশের অভিনেত্রী নাজিফা তুষি। মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেন।
এশিয়ার চলচ্চিত্রকে আন্তর্জাতিক দর্শক ও হলিউডের চলচ্চিত্র অঙ্গনের সামনে তুলে ধরার লক্ষ্যে এশিয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসব আয়োজন করা হয়। উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ‘স্নো লেপার্ড’ পুরস্কার। এর আগে এই সম্মাননা পেয়েছেন ভুটানের ট্যান্ডিন বিদ্যা, লেবাননের ডায়মন্ড বু আবুদ এবং সিঙ্গাপুরের হুই ফাং হংয়ের মতো অভিনেত্রীরা। এবার সেই তালিকায় যুক্ত হলো নাজিফা তুষির নাম।
‘রইদ’ সিনেমার জন্য এটি নাজিফা তুষির দ্বিতীয় আন্তর্জাতিক সেরা অভিনেত্রীর পুরস্কার। এর আগে কানাডার ‘মোজাইক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ১২তম আসরে একই চলচ্চিত্রে ‘সাদুর বউ’ চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করেছিলেন তিনি।
নিজের অনুভূতি প্রকাশ করে নাজিফা তুষি বলেন, “আমার জন্য এটা অনেক খুশির সংবাদ। যদিও কখনো পুরস্কারের আশায় কাজ করি না। পুরস্কার নয়, কাজটিই আমার কাছে গুরুত্বপূর্ণ। সব সময় ঠিকমতো নিজের চরিত্রটিকে তুলে ধরতে চাই। সেই চরিত্র যদি স্বীকৃতি এনে দেয়, সেটা অবশ্যই ভালো লাগার। অভিনেত্রী হিসেবে এই পুরস্কার অর্জন আমার দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে। আমার এই সুন্দর সময় যেন চলতেই থাকে।”
মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’-এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদ।
আন্তর্জাতিক অঙ্গনে ইতোমধ্যে একাধিক মর্যাদাপূর্ণ উৎসবে জায়গা করে নিয়েছে ‘রইদ’। ৫৫তম রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার প্রতিযোগিতা’য় প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছিল সিনেমাটি। এছাড়া এটি প্রদর্শিত হয়েছে সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবং নির্বাচিত হয়েছে ডানাং এশীয় চলচ্চিত্র উৎসব ও অস্ট্রিয়ার ইনসব্রুক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
মতামত