নাটোরের লালপুর থানা পুলিশের ধারাবাহিক অভিযানে ৭ মাস ২০ দিনে লালপুরে ৮১২ আসামি গ্রেফতার, অনলাইন প্রতারণা-জুয়ায় ১২২ জন,পেশাদার ডাকাত, মাদক কারবারি, অনলাইন প্রতারক, জুয়াড়ি ও অস্ত্রধারীসহ গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র, চোরাই মালামাল ও নগদ টাকা।
ওসি মোঃ শফিকুল ইসলাম — কর্মে যেমন কঠোর, ব্যবহারে তেমনি মানবিক।
লালপুর থানায় যোগদানের পর থেকেই অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম তার কর্মদক্ষতা, সততা ও মানবিক আচরণ দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
তিনি বিশ্বাস করেন, পুলিশের কাজ শুধু গ্রেফতার নয় — মানুষকে নিরাপত্তা দেওয়া, অপরাধ থেকে দূরে রাখা। এই বিশ্বাস থেকেই তিনি দিন-রাত মাঠে থেকে অভিযান পরিচালনা করছেন।
থানায় আসা গরিব, অসহায় মানুষকে তিনি গুরুত্ব দিয়ে কথা শোনেন। হয়রানি না করে দ্রুত সমাধানের চেষ্টা করেন। এজন্য লালপুর সাধারণ মানুষ তাকে নিজের মানুষ মনে করেন।
কাজে তিনি কারো প্রভাব মানেন না। অপরাধী যে দলেরই হোক, আইনের চোখে সবাই সমান — এই নীতিতে তিনি অটল।
তিনি শুধু নিজে কাজ করেন না, পুরো থানার ফোর্সকে একসাথে নিয়ে কাজ করান। যার ফলে লালপুর থানা এখন অনেক বেশি সক্রিয় ও সফল।
স্থানীয়রা বলছেন, লালপুর থানায় এমন কর্মঠ, সৎ ও মানবিক ওসি দীর্ঘদিন পর এসেছেন। তার নেতৃত্বে লালপুর অনেকটাই অপরাধমুক্ত ও শান্ত হয়েছে।
গত ৭ মাস ২০ দিনে বিভিন্ন অপরাধে ৮১২ জন আসামিকে গ্রেফতার করেছে নাটোরের লালপুর থানা পুলিশ। এর মধ্যে ইমো-হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার আইডি নিয়ন্ত্রণে নিয়ে অনলাইন প্রতারণা এবং অনলাইন জুয়া মামলায় গ্রেফতার করা হয়েছে ১২২ জনকে।
২০২৬ সালের ১লা এপ্রিল থেকে ২১শে নভেম্বর পর্যন্ত পরিচালিত অভিযানে পেশাদার ডাকাত, দস্যু, মাদক কারবারি, ইমো-হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারক চক্র, অনলাইন জুয়া, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়।
এ সময় হত্যা, ডাকাতি, ধর্ষণ ও চুরিসহ বিভিন্ন মামলার রহস্য উদ্ঘাটনের পাশাপাশি বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে থানা-পুলিশের পরিচালিত অভিযানে এসব সাফল্য এসেছে বলে জানানো হয়েছে।
ডাকাতি ও দস্যুতায় মোট ৭টি মামলা রুজু হয়েছে। এই ৭ মামলায় গ্রেফতার হয়েছে ২৫ জন পেশাদার ডাকাত। উদ্ধার হয়েছে ৩০০ কেজি তামার তার, ১টি রেজিস্ট্রেশন বিহীন মিনি পিকআপ গাড়ি, ১টি ব্যাটারি চালিত চার্জার ভ্যান ও নগদ ২ লাখ ২০ হাজার টাকা।
মাদক উদ্ধারজনিত মামলা হয়েছে ৬৭টি। মাদক মামলায় সর্বমোট ১০৬ জন মাদক কারবারি গ্রেফতার হয়েছেন। উদ্ধার করা হয়েছে ইয়াবা ২,৫৮৭ পিস, হেরোইন ৫৪১ গ্রাম, গাঁজা ১৬ কেজি ৪৫৪ গ্রাম, চোলাই মদ ৩১ লিটার, ট্যাপেন্টাডল ট্যাবলেট ১৯ পিস ও ফেন্সিডিল ১০ বোতল। এছাড়া মাদক পরিবহন ও মাদক বিক্রয়লব্ধ অর্থ হিসেবে ১টি অটো ভ্যান, ১৩টি মোটরসাইকেল, ২৭টি মোবাইল ফোন ও নগদ ২ লাখ ১৭ হাজার ১০৭ টাকা জব্দ করা হয়।
ইমো-হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার আইডি নিয়ন্ত্রণে নিয়ে অনলাইন প্রতারণা সংক্রান্তে সাইবার সুরক্ষা আইনে মোট ৩৪টি মামলা হয়েছে। এই ৩৪ মামলায় গ্রেফতার ৯৩ জন। উদ্ধার করা হয়েছে ১২৬টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১০৬টি মোবাইল সিম কার্ড, ১০টি মোটরসাইকেল ও নগদ ৭১ হাজার টাকা।
অনলাইন জুয়াসহ জুয়া আইনে মামলা হয়েছে ৭টি। এই ৭ মামলায় গ্রেফতার ২৯ জন। উদ্ধার করা হয়েছে ২১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৬ প্যাকেট তাস ও নগদ ২৩ হাজার ৯৩০ টাকা।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মোট ১১টি মামলা হয়েছে। এই ১১ মামলায় গ্রেফতার ২৬ জন। উদ্ধার করা হয়েছে ১টি এক্সকাভেটর মেশিন, ১০টি ড্রাম ট্রাক, ৫টি ট্রাক্টর ও ২টি ট্রলি গাড়ি।
অস্ত্র আইনে মোট ৩টি মামলা হয়েছে। এই ৩ মামলায় গ্রেফতার ৭ জন। উদ্ধার করা হয়েছে ২টি বিদেশি পিস্তল, ১৬ রাউন্ড পিস্তলের গুলি, ২টি ম্যাগাজিন, ৩টি অত্যাধুনিক ধারালো চাকু, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১টি প্রাইভেট কার ও ১টি মোটরসাইকেল।
চুরি মামলা হয়েছে সর্বমোট ১৬টি। এই ১৬ মামলায় মোট ৩৭ জন চোর গ্রেফতার হয়েছেন। উদ্ধার করা হয়েছে ৪টি আরএফএল পাইপ, ৩টি বাইসাইকেল, ২টি মোটরসাইকেল, ৪টি পানির পাম্প, ৩টি অটো ভ্যান, ৫ কেজি তামার তার ও নগদ ৩৭ হাজার টাকা।
হারানো মোবাইল জিডি মূলে উদ্ধার হয়েছে মোট ২৭টি। গ্রেফতারি পরোয়ানা মূলে গ্রেফতার হয়েছে মোট ২০৪ জন, এর মধ্যে সাজাপ্রাপ্ত ৩৩ জন। ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায় গ্রেফতার হয়েছে মোট ৩৫ জন। অন্যান্য নিয়মিত মামলায় গ্রেফতার সর্বমোট ২৫০ জন।
থানা পুলিশ জানায়, অপরাধ দমন ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত