ঋতু পরিবর্তনের প্রভাবে জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথাসহ নানা শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। আবহাওয়ার পরিবর্তনের পাশাপাশি বায়ুদূষণ এসব সমস্যার প্রকোপ আরও বাড়িয়ে তুলছে। এতে ভাইরাসজনিত সংক্রমণের পাশাপাশি অ্যালার্জির সমস্যাও বাড়ছে, যার প্রভাব বিশেষ করে শিশুদের মধ্যে বেশি পরিলক্ষিত হচ্ছে। এমন প্রেক্ষাপটে জ্বর হলেই অ্যান্টিবায়োটিক সেবন কিংবা শুরুতেই ডেঙ্গু ও ম্যালেরিয়ার পরীক্ষা করানোর প্রয়োজনীয়তা নিয়ে চিকিৎসকদের স্পষ্ট পরামর্শ রয়েছে।
চিকিৎসকদের মতে, ঋতু পরিবর্তনের সময় বিভিন্ন ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়া স্বাভাবিক। এর সঙ্গে বায়ুদূষণ ও বাতাসে ছড়িয়ে থাকা অ্যালার্জেন যুক্ত হয়ে সাধারণ সর্দি-কাশি ও ভাইরাল জ্বরের পাশাপাশি অ্যালার্জিজনিত উপসর্গ তৈরি করছে। সাধারণত ভাইরাসজনিত জ্বর তিন থেকে পাঁচ দিনের মধ্যে সেরে যায় এবং বেশির ভাগ ক্ষেত্রে প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধের প্রয়োজন হয় না।
চিকিৎসক অজয় সরকারের মতে, ইনফ্লুয়েঞ্জার মতো ভাইরাসজনিত সংক্রমণে অপ্রয়োজনে একাধিক ওষুধ সেবন করা উচিত নয়। বরং জ্বর কত দিন স্থায়ী হচ্ছে এবং এর সঙ্গে নতুন কোনো উপসর্গ দেখা দিচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা জরুরি।
জ্বরের সঙ্গে তীব্র কাঁপুনি, শরীরে প্রচণ্ড ব্যথা কিংবা চোখে ব্যথার মতো লক্ষণ দেখা দিলে তা সাধারণ ভাইরাল জ্বর ভেবে অবহেলা করা উচিত নয় বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। এসব উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু ও ম্যালেরিয়া পরীক্ষা করানো যেতে পারে। পাশাপাশি রক্তের বিভিন্ন উপাদানের অবস্থা জানতে কমপ্লিট ব্লাড কাউন্ট (সিবিসি) পরীক্ষাও প্রয়োজন হতে পারে।
বিশেষ করে শিশুদের জ্বর হলে অভিভাবকদের নিজ উদ্যোগে অ্যান্টিবায়োটিক বা একাধিক ওষুধ খাওয়ানোর বদলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জ্বরের স্থায়িত্ব, উপসর্গের ধরন এবং রোগীর সামগ্রিক শারীরিক অবস্থার ওপর ভিত্তি করেই পরবর্তী পরীক্ষা ও চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া উচিত।
মতামত