শীতের পোশাক দীর্ঘদিন আলমারিতে বা বাক্সে তুলে রাখা থাকে। তাই সোয়েটার, জ্যাকেট, উলের মোজা, টুপি, চাদর কিংবা কার্ডিগান বের করেই পরা উচিত নয়। ব্যবহারের আগে কয়েক দিন ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে। দুই পাশেই রোদ লাগাতে হবে, যাতে ভেতরে জমে থাকা স্যাঁতসেঁতে ভাব ও দুর্গন্ধ দূর হয়। কাপড়ে ধুলোর গন্ধ থাকলে ধুয়ে নেওয়াই ভালো।
সোয়েটার: উল বা পশমের তৈরি হওয়ায় সোয়েটারে সহজেই ধুলা-ময়লা জমে। তাই ব্যবহারের আগে পরিষ্কার করে নেওয়া ভালো। ঠান্ডা পানিতে সামান্য শ্যাম্পু ও ভিনেগার মিশিয়ে আলতো হাতে ধুয়ে নিন। সোয়েটার ওয়াশিং মেশিনে না ধোয়াই ভালো। এতে কাপড়ের বুনন নষ্ট হতে পারে। ধোয়ার পর হালকা হাতে পানি ঝরিয়ে রোদে শুকিয়ে নিন।
ফ্লানেলের কাপড়: ফ্লানেলের কাপড় পরিষ্কার রাখতে শ্যাম্পু ব্যবহার করতে পারেন। বেশি ময়লা হলে হালকা গরম পানিতে শ্যাম্পু মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর আলতো হাতে ধুয়ে নিন। কাপড়ের রং ঠিক রাখতে উল্টো করে রোদে শুকাতে দিন।
চাদর: দীর্ঘদিন তুলে রাখা চাদর ব্যবহারের আগে ভালোভাবে কড়া রোদে শুকিয়ে নিন। এতে কাপড়ের স্যাঁতসেঁতে ভাব ও গন্ধ দূর হবে।
চামড়ার জ্যাকেট: চামড়ার জ্যাকেট পরিষ্কার করতে কুসুম গরম পানিতে সামান্য ভিনেগার মিশিয়ে নিন। এরপর একটি নরম তোয়ালে ওই পানিতে ভিজিয়ে ভালোভাবে নিংড়ে জ্যাকেটের ওপরের অংশ মুছে ফেলুন। পরিষ্কার করার পর হ্যাঙ্গারে ঝুলিয়ে বাতাসে শুকিয়ে নিন।
মতামত