পটুয়াখালীর বাউফলে প্রায় সোয়া কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি গার্ডার সেতুর নির্মাণকাজে ত্রুটি নিয়ে প্রশ্ন উঠেছে। সেতুর অ্যাপ্রোচ সড়ক ও গাইড ওয়ালে অসংগতি পাওয়ার পর সরেজমিনে পরিদর্শন করে দ্রুত সংশোধনের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পশ্চিম নুরাইনপুর-রামনগর খালের ওপর নির্মিত ১৫ মিটার দৈর্ঘ্যের সেতুটি পরিদর্শন করেন তিনি। এ সময় সেতুটি যানবাহন চলাচলের উপযোগী করতে অ্যাপ্রোচ সড়ক ও গাইড ওয়ালের ত্রুটি সংশোধনের নির্দেশ দেন। অন্যথায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রুকাইয়া ট্রেডার্সের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রফিকুল ইসলাম জানান, ২০২৩-২৪ অর্থবছরে সেতুটির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। সেন্টারিংয়ের ত্রুটির কারণে সেতুটির সৌন্দর্যবর্ধন হয়নি। পাশাপাশি অ্যাপ্রোচ সড়ক ও গাইড ওয়ালের সমস্যাগুলো সংশোধনের জন্য ঠিকাদারকে বলা হয়েছে।
তবে প্রশ্ন উঠেছে, নির্মাণকাজ শেষ হওয়ার পর এসব ত্রুটি সংশ্লিষ্টদের নজরে আসেনি কেন? নির্মাণকাজের গুণগত মান যাচাই ও তদারকিতে কোনো ঘাটতি ছিল কি না, তা নিয়েও আলোচনা তৈরি হয়েছে।
উল্লেখ্য, সেতুটির নির্মাণমান ও বিভিন্ন ত্রুটি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন সরেজমিনে পরিদর্শন করে। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে ত্রুটিগুলো যথাযথভাবে সংশোধন করা হয়, নাকি বিষয়টি কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকে।
মতামত