দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৫০৯ জনের মধ্যে সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি নতুন করে ১৭৩ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান স্বাক্ষরিত দৈনিক স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে দুজন ঢাকা বিভাগের, একজন চট্টগ্রাম বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশে মোট ২ লাখ ৪৯ হাজার ৫৬৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫ হাজার ৪৪২ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।
এ সময়ে সন্দেহজনক হাম উপসর্গে আক্রান্ত হয়ে মোট ১ হাজার ২১৩ জনের মৃত্যু হয়েছে।
মতামত