রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি হাইকোর্টে শুরু হয়েছে। সোমবার সকাল ১০টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ শুনানি শুরু হয়।
আলোচিত এ মামলায় শুনানি করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী। এর আগে গত ৭ জুন মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন আদালত।
গত ১৯ মে রাজধানীর পল্লবীতে প্রতিবেশী সোহেলের বাসা থেকে পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা করেন। মামলায় সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না খাতুন এবং অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে আসামি করা হয়।
মামলার তথ্য অনুযায়ী, সোহেল নিজের ঘরে নিয়ে রামিসাকে ধর্ষণ করেন। পরে তাকে গলা কেটে হত্যা করেন। হত্যার ঘটনা আড়াল করতে মরদেহ টুকরো করার চেষ্টা করেন বলেও জানান তদন্তকারীরা।
গত ২৪ মে আলোচিত এ মামলায় পল্লবী থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ওহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন। এতে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও আলামত নষ্টের অভিযোগ আনা হয়। অন্যদিকে তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে আলামত নষ্ট, মিথ্যা তথ্য প্রদান এবং স্বামীকে অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়। এর কয়েক ঘণ্টা পরেই আদালত মামলাটি ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেন। পরবর্তীতে মাত্র ১৯ দিনে আলোচিত এই মামলাটির বিচার শেষ হয়।
মতামত