নীলফামারীর ডোমারে নিষিদ্ধ মাদক স্কাফসহ আশিকুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৫ নভেম্বর) দুপুর ২টার দিকে পৌরসভার চিকনমাটি ধনীপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আশিকুর দক্ষিণ চিকনমাটি ধনীপাড়া এলাকার আকবর আলীর ছেলে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে আশিকুর ওই এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত। তার কারণে এলাকার তরুণ ও যুবসমাজ মাদকের দিকে ঝুঁকছে। এর আগেও ফেনসিডিলসহ গ্রেফতার হয়েছিলেন তিনি। তবে জামিনে মুক্ত হয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ স্থানীয়দের।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম সরকার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মানিকুলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে নিষিদ্ধ স্কাফসহ আশিকুরকে আটক করে।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
মাদকবিরোধী অভিযানে পুলিশের এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
মতামত