গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে,তার স্থলাভিষিক্ত হয়েছেন হবিগঞ্জের বর্তমান জেলা প্রশাসক জি. এম. সরফরাজ। পাশাপাশি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেন।
রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী,মো. আরিফ-উজ-জামানকে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে। অপর আদেশে হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জি. এম. সরফরাজকে গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়।
এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ফলে একই দিনে গোপালগঞ্জ ও হবিগঞ্জের জেলা প্রশাসক পদে রদবদল করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়,জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য,জি. এম. সরফরাজ চলতি বছরের ২ এপ্রিল হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রায় সাড়ে সাত মাস দায়িত্ব পালনের পর তাকে গোপালগঞ্জে বদলি করা হলো।
অন্যদিকে,মো. আরিফ-উজ-জামান ২০২১ সালের ৭ মার্চ উপসচিব হিসেবে পদোন্নতি লাভ করেন। ২০২৫ সালের নভেম্বরে তিনি গোপালগঞ্জের ২২তম জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অনুবিভাগের উপসচিব হিসেবে র্যাব-১ ও র্যাব-২ শাখায় দায়িত্ব পালন করেন।
মাঠ প্রশাসনেও তার কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া যশোর সদর উপজেলা এবং মেহেরপুরের গাংনী উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন।
নতুন এই রদবদলের মধ্য দিয়ে গোপালগঞ্জ ও হবিগঞ্জের জেলা প্রশাসনের নেতৃত্বে পরিবর্তন আসছে।
মতামত