ড্রেন নির্মাণ প্রকল্পের অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার সাংবাদিক অরিত্র কুমার কুন্ডুর জামিন আবেদন পঞ্চমবারের মতো নামঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৫ নভেম্বর) ঝিনাইদহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম নবী তার জামিন আবেদন খারিজ করেন। এর আগে ২৯ অক্টোবর,৪ নভেম্বর,৮ নভেম্বর ও ১১ নভেম্বর আরও চারবার তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়।
এদিকে কারাগারে থাকা অবস্থায় প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় সাংবাদিক অরিত্র কুন্ডুর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে অভিযোগ করেছে তার পরিবার। তাদের দাবি,তার পায়ের পুরোনো আঘাতের স্থানে নতুন করে ব্যথা ও ক্ষতের সৃষ্টি হয়েছে। প্রায় ৮-১০ বছর আগে সড়ক দুর্ঘটনায় তার পায়ে আঘাত লেগেছিল। গত ২৬ অক্টোবর সংবাদ সংগ্রহের সময় হামলা ও মারধরের ঘটনায় শরীরের বিভিন্ন স্থানেও আঘাত পান তিনি।
দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও গ্রীণ টেলিভিশনে কর্মরত সাংবাদিক অরিত্র কুন্ডু গত ২৬ অক্টোবর ঝিনাইদহে একটি ড্রেন নির্মাণ প্রকল্পের অনিয়ম নিয়ে তথ্য সংগ্রহ করতে গেলে হয়রানি ও হামলার শিকার হন বলে অভিযোগ রয়েছে। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩৮৫ ও ৩৮৬ ধারায় ৪৭ ও ৪৮ নম্বর দুটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
মামলার পর তাকে ঝিনাইদহ কারাগারের কনডেম সেলে রাখা হয়েছিল বলে জানা গেছে। বিচারাধীন মামলার আসামিকে কনডেম সেলে রাখার বিষয়টি কারাবিধির পরিপন্থী বলে অভিযোগ তুলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে।
এদিকে অরিত্র কুন্ডুর মুক্তি ও তার ওপর নির্যাতনের অভিযোগের প্রতিকার চেয়ে গত ১২ নভেম্বর আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) সহযোগিতা কামনা করে চিঠি পাঠিয়েছে বিএমএসএফ। পাশাপাশি হাইকোর্টে দায়ের করা রিট পিটিশন (নম্বর ১৯৯৭৫) বর্তমানে বিচারাধীন রয়েছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর বলেন,পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নির্যাতনের শিকার একজন সাংবাদিককে মামলায় কারাবন্দি করে রাখা সংবাদকর্মীদের কণ্ঠরোধের চক্রান্ত। তিনি অবিলম্বে অরিত্র কুন্ডুর নিঃশর্ত মুক্তি ও তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
মতামত