কুমিল্লার বরুড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সাল সংশোধনের দাবি জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্যভান্ডারে বিদ্যালয়টির প্রতিষ্ঠাকালীন সাল ১৯১০ সালের পরিবর্তে ভুলবশত ১৯৬৮ সাল লিপিবদ্ধ হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে ব্যানবেইসের মহাপরিচালক বরাবর লিখিত আবেদন করা হয়েছে। আবেদনে বিদ্যালয়টির দীর্ঘ ইতিহাস ও প্রতিষ্ঠাসংক্রান্ত তথ্য তুলে ধরে প্রকৃত প্রতিষ্ঠাকালীন সাল ১৯১০ সংশোধনের দাবি জানানো হয়।
আবেদনে উল্লেখ করা হয়, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় ১৯১০ সালে ‘বরুড়া-কাসেড্ডা জুনিয়র হাই স্কুল’ নামে প্রতিষ্ঠিত হয়ে শ্রেনী কার্যক্রম পরিচালনা করে আসছিল। দীর্ঘ ৪৭ বছর শ্রেণি কার্যক্রম পরিচালনার পর ১৯৫৭ সালে নবম শ্রেণি খোলার অনুমতি পায় প্রতিষ্ঠানটি।
পরবর্তী সময়ে ১৯৬৭ সালের ১ জানুয়ারি বিদ্যালয়টির নাম পরিবর্তন করে ‘বরুড়া হাজী নোয়াব আলী ইনস্টিটিউট’ রাখা হয়। পরবর্তীতে ২০/০৩/১৯৬৯ তারিখে নাম পরিবর্তন করে বরুড়া হাজী নোয়াব আলী হাই স্কুল নামে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি ‘বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়’ নামে পরিচালিত হচ্ছে।
আবেদনে আরও বলা হয়, প্রতিষ্ঠালগ্ন থেকে বিদ্যালয়টি বরুড়া অঞ্চলে মানসম্মত শিক্ষা বিস্তার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দীর্ঘদিনের ঐতিহ্য ও শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা থাকা সত্ত্বেও ব্যানবেইসের তথ্যভান্ডারে ভুল প্রতিষ্ঠাকালীন সাল অন্তর্ভুক্ত হওয়ায় প্রতিষ্ঠানটির প্রকৃত ইতিহাস ও ঐতিহ্য যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না।
এ অবস্থায় বিদ্যালয়টির ঐতিহাসিক দলিলপত্র ও সংশ্লিষ্ট তথ্য যাচাই করে ব্যানবেইসের তথ্যভান্ডারে প্রতিষ্ঠাকালীন সাল ১৯৬৮ সালের পরিবর্তে ১৯১০ সাল অন্তর্ভুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মেধাদ উদ্দিন। বক্তব্য রাখেন বিদ্যালয় এডহক কমিটির সভাপতি আলহাজ্ব জুনাব আলী, বিদ্যালয়ের ১৯৬৮ ব্যাচের শিক্ষার্থী সৈয়দ রেজাউল হক রেজু।
বিদ্যালয় সংশ্লিষ্টদের প্রত্যাশা, যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রতিষ্ঠাকালীন সাল সংশোধন করে শতবর্ষী এ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
মতামত