আওয়ামী লীগের অরাজকতার দায় বিএনপির ওপর চাপিয়ে জামায়াত-শিবির নিজেদের দায় এড়ানোর চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। রোববার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে রাশেদ খাঁন প্রশ্ন তোলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগের অরাজকতা ও তাণ্ডবের প্রতিবাদে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা কি কোথাও রাজপথে নেমেছেন? বরং এ ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে তারা নিজেদের দায় এড়ানোর চেষ্টা করেছে।
তিনি আরও বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার চাইলে কঠোর পদক্ষেপ নিতে পারে। তবে এতে অনেক হতাহতের আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতির সুযোগ নিয়ে আওয়ামী লীগসহ দেশি-বিদেশি বিভিন্ন অপশক্তি রাজনৈতিক ফায়দা নিতে পারে। তাই সরকারকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে।
তিনি বলেন, আওয়ামী দুর্বৃত্তদের এ অরাজকতাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। আর সেটির জন্য শুধু বিএনপি ও ছাত্রদল মাঠে থাকলেই হবে না, জামায়াত-শিবির, এনসিপিসহ গণ-অভ্যুত্থানের সব শক্তিকে রাজপথে শক্ত অবস্থান নিতে হবে। কিন্তু জামায়াত ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকের মাধ্যমে যে ফাঁদে পা দিয়ে, আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর না হওয়ার যে কমিটমেন্ট করে এসেছে, সেখান থেকে বের হতে পারবে? জামায়াত যদি ভারতীয় ফাঁদ থেকে বের হয়ে রাজপথে নামে, আমিও তাদের সাধুবাদ জানাব, ইনশাআল্লাহ।
সারা দেশের আওয়ামী সন্ত্রাসীদের গোপালগঞ্জে জড়ো করে ও গোপালগঞ্জকে জিম্মি করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যাবে না; বরং এ তাণ্ডব ও অরাজকতা অব্যাহত রাখলে ক্ষতিগ্রস্ত হবে গোপালগঞ্জের সাধারণ মানুষ।
আওয়ামী অগ্নিসন্ত্রাস ও ভাঙচুরের কারণে চিকিৎসা, গ্যাস, বিদ্যুৎ, ওষুধ, খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও অন্যান্য নাগরিক সেবা প্রদানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ব্যাঘাত ঘটবে। সুতরাং গোপালগঞ্জের সাধারণ মানুষের জীবন স্বাভাবিক রাখতে আওয়ামী দুর্বৃত্তদের সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধ করতে হবে। আশা করি, গোপালগঞ্জবাসী তাদের নাগরিক মর্যাদা ও অধিকারের বিষয়ে সচেতন হবে এবং অরাজকতা ও অগ্নিসন্ত্রাসকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দিতে পারবে, ইনশাআল্লাহ।
মতামত