২০২৭ সালে দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
রোববার (১৫ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী জানান, আদালত রিটটি ‘নট প্রেস’ হিসেবে খারিজ করেছেন।
এর আগে গত ৭ অক্টোবর মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ এ রিট দায়ের করেন। রিটে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়।
রিটকারীর আইনজীবী জাহিদ তালুকদার জানান, ২০২১ শিক্ষাবর্ষে সরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতির পরিবর্তে ডিজিটাল লটারি চালু করা হয়েছিল। তবে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সেই পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয়।
গত ১৬ মার্চ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান। একই দিন লটারি পদ্ধতি বাতিল করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। পরে সংশোধিত প্রজ্ঞাপনে জানানো হয়, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তবে প্রথম শ্রেণিতে লটারি পদ্ধতি বহাল থাকবে।
মতামত