দিনাজপুরে নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষাসহ ১০ দফা দাবিতে কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের দিনাজপুর জেলা শাখার নির্বাহী সভাপতি কাজী মো. জাকিরুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী মো. হামিদুল ইসলাম ও বোচাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজী মো. নুর আলম। এতে জেলার ১৩টি উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রাররা অংশ নেন।
বক্তারা বলেন, সারা দেশে পাঁচ হাজারের বেশি নিকাহ রেজিস্ট্রার দায়িত্ব পালন করছেন। কিন্তু সীমিতসংখ্যক বিবাহ নিবন্ধনের মাধ্যমে অর্জিত আয় দিয়ে বর্তমান দ্রব্যমূল্যের বাজারে পরিবার-পরিজন নিয়ে চলা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র বহাল রাখা, বয়সসীমা ৬৭ থেকে ৭৫ বছর করা, বিবাহ নিবন্ধন ফি বৃদ্ধি, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানি বন্ধ এবং নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহসংক্রান্ত হলফনামা সম্পাদন বন্ধসহ ১০ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান তাঁরা।
বক্তারা বলেন, এসব দাবি দীর্ঘদিন ধরে জানানো হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তাই অবিলম্বে দাবিগুলো মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।
মতামত