ঋতু পরিবর্তনের সময় আবহাওয়া ও তাপমাত্রার পরিবর্তন মানুষের শরীরেও প্রভাব ফেলে। বিশেষ করে শীত থেকে গ্রীষ্ম কিংবা বর্ষা থেকে শরৎকালে তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতায় পরিবর্তন আসে। এ সময় বিভিন্ন ভাইরাস ও জীবাণু দ্রুত ছড়িয়ে পড়ার সুযোগ পায়। পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধক্ষমতাও কিছুটা কমে যেতে পারে। ফলে এ সময় নানা ধরনের মৌসুমি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে।
আমাদের দেশে ঋতু পরিবর্তনের সময় যেসব রোগের প্রকোপ বেশি দেখা যায়, সেগুলো হলো—
1. সর্দি-কাশি ও ইনফ্লুয়েঞ্জা (ফ্লু): আবহাওয়ার পরিবর্তনের কারণে এ সময় সর্দি, কাশি, জ্বর ও গলাব্যথার মতো সমস্যা দেখা দেয়।
2. ভাইরাল জ্বর ও ডেঙ্গু: ঋতু পরিবর্তনের সময় মশার উপদ্রব বাড়তে পারে। ফলে ডেঙ্গু ও বিভিন্ন ধরনের ভাইরাল জ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।
3. শ্বাসতন্ত্রের সংক্রমণ: নিউমোনিয়া ও ব্রঙ্কাইটিসের মতো রোগ এ সময় বাড়তে পারে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি ঝুঁকিতে থাকেন।
4. হাঁপানি ও অ্যালার্জি: বাতাসে ধুলাবালু, শুষ্কতা ও তাপমাত্রার পরিবর্তনের কারণে হাঁপানি ও অ্যালার্জির সমস্যা বেড়ে যেতে পারে।
5. ডায়রিয়া ও পেটের সমস্যা: দূষিত খাবার ও পানির মাধ্যমে জীবাণু শরীরে প্রবেশ করায় ডায়রিয়া ও গ্যাস্ট্রোএন্টারাইটিস হতে পারে।
6. হাম, চিকেন পক্স ও চোখ ওঠা: এসব ছোঁয়াচে রোগও এ সময় ছড়িয়ে পড়তে পারে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে অন্যদের মধ্যেও সংক্রমণের ঝুঁকি থাকে।
ঋতু পরিবর্তনের সময় রোগাক্রান্ত হওয়ার পেছনে বেশ কিছু প্রাকৃতিক ও জৈবিক কারণ রয়েছে—
ভাইরাসের রূপান্তর ও বিস্তার: তাপমাত্রা কমবেশি হওয়ায় রাইনোভাইরাস, ইনফ্লুয়েঞ্জা এবং অন্যান্য জীবাণু বেঁচে থাকা ও দ্রুত ছড়িয়ে পড়ার সুযোগ বাড়ে।
রোগ প্রতিরোধক্ষমতার দুর্বলতা: হঠাৎ আবহাওয়া পরিবর্তনের সঙ্গে শরীর মানিয়ে নিতে সময় নেয়। এই ট্রানজিশনাল সময়ে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা কমে যায়।
বাতাসের আর্দ্রতা ও ধূলিকণা: বাতাসে ধূলিকণা ও পরাগরেণুর পরিমাণ বাড়ায় অ্যালার্জি ও শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ে।
দূষিত পানীয় ও খাবার: গরমে বা স্যাঁতসেঁতে আবহাওয়ায় খাবার দ্রুত নষ্ট হয়। ফলে পানিবাহিত রোগের জীবাণু সহজে শরীরে প্রবেশ করে।
পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত পানি: ভিটামিন সি সমৃদ্ধ ফল (কমলা, লেবু, পেয়ারা) এবং পুষ্টিকর খাবার বেশি খেতে হবে। দিনে ৮ থেকে ১০ গ্লাস নিরাপদ ও ফোটানো পানি পান করুন।
ব্যক্তিগত পরিচ্ছন্নতা: বাইরে থেকে এসে বা খাওয়ার আগে সাবান দিয়ে অন্তত ২০ সেকেন্ড হাত ধুতে হবে। বাইরে গেলে মাস্ক ব্যবহার করা উচিত।
মশার উপদ্রব রোধ: বাড়ির আশপাশে পানি জমতে দেওয়া যাবে না এবং মশারি ব্যবহার করতে হবে।
পোশাকের সতর্কতা: আবহাওয়া বুঝে পোশাক পরুন। ঠান্ডা লাগতে পারে—এমন জায়গায় হালকা গরম কাপড় ব্যবহার করা বুদ্ধিমানের কাজ।
লক্ষণগুলো মৃদু হলে বাড়িতে কিছু প্রাথমিক যত্ন নেওয়া যেতে পারে।
জ্বরের জন্য: তাপমাত্রা বাড়লে প্যারাসিটামল খাওয়া যেতে পারে এবং কুসুম গরম পানিতে কাপড় ভিজিয়ে সারা শরীর মুছে দিতে হবে।
হাইড্রেশন বা পানির সমতা বজায় রাখা: ডায়রিয়া বা বমি হলে প্রচুর পরিমাণে ওরাল স্যালাইন, ডাবের পানি বা ফলের রস খাওয়াতে হবে।
গলাব্যথা ও কাশির জন্য: কুসুম গরম পানিতে সামান্য লবণ মিশিয়ে গার্গল করা এবং আদা-মধু দিয়ে তুলসীপাতার রস খাওয়া উপকারী।
বিশ্রাম: রোগীকে সম্পূর্ণ বিশ্রামে রাখতে হবে এবং হালকা ও ঝাল মসলা ছাড়া সহজপাচ্য খাবার দিতে হবে।
মতামত