গাজীপুরের পল্লী বিদ্যুৎ এলাকায় ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে শ্রমিকরা আবারও মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শনিবার (১৪ নভেম্বর) সকালে গাজীপুরের পল্লী বিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে। সকাল ১০টার দিকে হাজার হাজার শ্রমিক মহাসড়কে জড়ো হয়ে অবরোধ ও বিক্ষোভ শুরু করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ না দিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের সরিয়ে দিতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এরপরই শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। থেমে থেমে সংঘর্ষ ও উত্তেজনা চলতে থাকে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেন, শ্রমিকরা কর্মস্থলে কাজে যোগ না দিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। তাঁদের সরিয়ে দিতে টিয়ার শেল নিক্ষেপ করা হয়। এ সময় শ্রমিকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে ধাওয়া দিয়ে তাঁদের সরিয়ে দেওয়া হয়। সকাল ১০টার দিকে শ্রমিকরা পুনরায় মহাসড়ক অবরোধ করেন। বর্তমানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
মতামত