সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট আবেদন এবং সম্ভাব্য দেশে ফেরা নিয়ে চলমান আলোচনার মধ্যে ভারতের কূটনৈতিক অবস্থান ও শর্তাবলি নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে। বিবিসির সূত্রমতে, দিল্লিতে শেখ হাসিনার দীর্ঘ অবস্থান ভারত সরকারের জন্য কূটনৈতিকভাবে বিব্রতকর হয়ে দাঁড়িয়েছে এবং তাঁর বাংলাদেশে ফিরে গিয়ে বিচারের মুখোমুখি হওয়াটাই এখন একমাত্র বাস্তবসম্মত সমাধান হিসেবে দেখছে নয়াদিল্লি।
বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চব্বিশের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে নিয়ে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক মহলেও ভারতকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে। গণহত্যার অভিযোগে দণ্ডিত একজন ব্যক্তিকে আশ্রয় দেওয়ার বিষয়টি দিল্লির জন্য অস্বস্তিকর হয়ে উঠেছে।
ভারতের জন্য সবচেয়ে সহজ সমাধান হতো যদি তিনি তৃতীয় কোনো দেশে চলে যেতে পারতেন। তবে এ বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে দিল্লির আলোচনা সফল না হওয়ায় ভারতীয় নীতিনির্ধারকরা মনে করছেন, শেখ হাসিনার দেশে ফেরা এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়াই এখন একমাত্র পথ। পাশাপাশি বাংলাদেশে ভারতের দীর্ঘদিনের মিত্র দল আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনরুজ্জীবিত করতেও তাঁর দেশে ফেরার বিকল্প নেই বলে মনে করছে দিল্লি।
দিল্লির সরকারি কর্মকর্তাদের বরাতে বিবিসি জানিয়েছে, শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়ে ভারত মূলত দুটি প্রধান শর্ত সামনে রেখেছে:
শেখ হাসিনা যেহেতু বাংলাদেশ সামরিক বাহিনীর একটি এয়ারক্র্যাফটে করে ভারতে গিয়েছিলেন, তাই তাঁকে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়াটিও বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই সম্পন্ন করতে হবে। এটি আকাশপথে সামরিক বিমান পাঠিয়ে দিল্লি থেকে নিয়ে যাওয়া হতে পারে, অথবা স্থল সীমান্তের কোনো নির্দিষ্ট পয়েন্টে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের মাধ্যমেও হতে পারে। এ জন্য প্রয়োজনীয় সব ধরনের লজিস্টিকাল প্রস্তুতি নিতে ভারত প্রস্তুত রয়েছে।
দেশে ফেরার পর শেখ হাসিনা যাতে তাঁর মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার পূর্ণ সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তাঁর বিচার প্রক্রিয়া নতুন করে শুরু করা হয়—বাংলাদেশকে সেই নিশ্চয়তা দিতে হবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বিবিসি জানায়, নয়াদিল্লি চায় না যে শেখ হাসিনাকে জেনেশুনে ফাঁসির দিকে ঠেলে দেওয়া হোক; বরং আন্তর্জাতিক বিশ্ব ও গ্লোবাল মিডিয়ার নজরদারিতে তাঁর জন্য একটি নতুন ও সুষ্ঠু বিচারের সুযোগ নিশ্চিত হোক। তবে এই দাবিগুলো যাতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিচার ব্যবস্থায় বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ হিসেবে বিবেচিত না হয়, সে ব্যাপারে ভারত অত্যন্ত সতর্ক রয়েছে এবং এ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করছে না।
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, উল্লিখিত এই দুটি শর্ত পূরণ করে শেখ হাসিনার দেশে ফেরার পথ প্রশস্ত করার লক্ষ্যে দিল্লি বেশ কয়েক মাস ধরেই ঢাকার সঙ্গে পর্দার আড়ালে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে লন্ডনের আইনি প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর মাধ্যমে দিল্লির বাংলাদেশ দূতাবাসে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে পাঠানো চিঠিটি বিষয়টিকে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
মতামত