বাকেরগঞ্জে জমি জমা সংক্রান্ত বিবাদের কারণে প্রতিপক্ষের বিরুদ্ধে বসতঘরে হামলা, লুটপাট এবং নারীদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। ১৩ নভেম্বর শুক্রবার সকাল ৭ টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার ভুক্তভোগী ইমরান খান বলেন, দীর্ঘ দিন ধরে জমি জমা নিয়ে পাশের বাড়ির লোকদের সাথে তাদের বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত ভাবে তার বসতঘরে হামলা চালায়। এসময় হামলা কারীরা ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়।
ভুক্তভোগী ইমরান খানের অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা ঘরের আলমারি ও আসবাবপত্র তছনছ করে নগদ টাকা ও স্বর্নলংকার নিয়ে যায়। এসময় তাদের বাধা দিতে গিয়ে তার মা ও স্ত্রী মারাত্মক আঘাত প্রাপ্ত হয়ে আহত হয়। বিরোধীয় লোকজনের সাথে অজ্ঞাত একাধিক ব্যক্তি এই হামলার সাথে জড়িত ছিল বলে ভুক্তভোগী পরিবারের দাবি।
এ ঘটনার সুঠ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ পক্রিয়াধীন রয়েছে বলে ভুক্তভোগী পরিবার জানিয়েছে।
এ প্রসংগে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আদিল হোসেন জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন। ভুক্তভোগী পরিবারের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্হা নেওয়া হবে।
মতামত