শ্রীপুর থানার সামনে যুবলীগের মিছিল, আটক ৮
গাজীপুরের শ্রীপুর থানার প্রধান ফটকের সামনে মিছিল করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের আট নেতা-কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। আজ শুক্রবার জুমার নামাজের শেষ মুহূর্তে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. মাসুদ রানা, জয়, সতেজ, মো. মোমেন, জুনাইদ, মো. আতিকুল ইসলাম ও আরিফ হোসেন। তাঁরা যুবলীগের ব্যানারে মিছিলে অংশ নেন বলে জানানো হয়েছে। তাঁদের বাড়ি শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি ও সদর উপজেলার বাঘের বাজার এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ২টার কিছু আগে অধিকাংশ মানুষ জুমার নামাজে থাকাকালে কয়েকজন যুবক পৌর শহরের থানার সামনে জড়ো হন। পরে অর্ধশতাধিক যুবক শেখ মুজিবুর রহমান ও যুবলীগের নেতাদের ছবি-সংবলিত ফেস্টুন-ব্যানার নিয়ে মিছিল শুরু করেন।
বিএনপির নেতা-কর্মীরা ধাওয়া দিলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় বিএনপির নেতা-কর্মীরা আটজনকে ধরে পুলিশে সোপর্দ করেন।
যুবলীগের মিছিলের খবরে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিএনপির নেতা-কর্মীরা পৌর শহরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ পৌর শহরে মিছিল বের করে। নামাজের সময় আটজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।