গাজীপুরের শ্রীপুরে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে দুবাইপ্রবাসীর ১৩টি বসতঘর, একটি খাবার হোটেল ও একটি দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ডেনিম্যাক কারখানার সামনে এ আগুনের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িটির মালিক দুবাইপ্রবাসী নিশাত ঢালী।
তার স্বজন বাবুল মিয়া জানান, প্রায় দেড় বছর আগে নিশাত ঢালী ১৩টি বসতঘর ও দুটি দোকানসহ বাড়িটি কিনেছিলেন। এসব ঘর স্থানীয় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দেওয়া ছিল। আর দুটি দোকানের একটিতে খাবার হোটেল পরিচালনা করা হতো।
অগ্নিকাণ্ডে বসতঘর ও দোকানগুলো পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বাবুল মিয়া জানান, আজ সকাল ৯টার দিকে ভাড়া দেওয়া খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি খবর দেওয়া হয় শ্রীপুর ফায়ার সার্ভিসে। আগুনে প্রতিটি বসতঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে গেছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মতামত