সিরাজগঞ্জের শাহজাদপুরে পুলিশের নিয়মিত চেকপোস্টে অভিযান চালিয়ে ৩ হাজার মিলিলিটার কেরুর মদসহ তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে একজন স্থানীয় ইউপি সদস্য রয়েছেন।
গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী দক্ষিণপাড়া বাসস্ট্যান্ড এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের মাদলা গ্রামের মৃত রজিম উদ্দিন মোল্লার ছেলে ও ইউপি সদস্য মো. আলাউদ্দিন মোল্লা (৪০), মাদলা দক্ষিণপাড়া এলাকার মৃত কাশেম প্রামাণিকের ছেলে মো. আশরাফুল ইসলাম (৩৬) এবং শাহজাদপুর পৌরসভার দ্বারিয়াপুর টেকপাড়া এলাকার মৃত মোসলেম প্রামাণিকের ছেলে মো. জিল্লুর রহমান (৪৩)।
পুলিশ সূত্রে জানা যায়, শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বাঘাবাড়ী দক্ষিণপাড়া এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় একটি সিএনজি থামানোর সংকেত দিলে তিন ব্যক্তি সিএনজি থেকে নেমে পড়েন। তাদের মধ্যে দুজন হাতে ব্যাগ নিয়ে অবস্থান করছিলেন এবং অপরজন কৌশলে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাদের আটক করে সিএনজিতে তল্লাশি চালায়।
তল্লাশির সময় আশরাফুল ইসলামের হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে দুই বোতল এবং আলাউদ্দিন মোল্লার হাতে থাকা অপর একটি ব্যাগ থেকে এক বোতল কেরুর মদ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১ হাজার মিলিলিটার করে মোট ৩ হাজার মিলিলিটার মদ ছিল।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, বিক্রির উদ্দেশ্যে পাবনার চাটমোহর এলাকা থেকে এসব মদ সংগ্রহ করে শাহজাদপুরে নিয়ে আসছিলেন। এ কাজে জিল্লুর রহমান সহযোগিতা করেছিলেন বলেও তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সিরাজগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় ৩ লিটার কেরুর মদ উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওসি বলেন, শাহজাদপুরকে মাদকমুক্ত রাখতে পুলিশের মাদকবিরোধী অভিযান ও নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত থাকবে।
মতামত