মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে চোরাইকৃত পাঁচটি অটোরিকশাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অটোরিকশার বিভিন্ন যন্ত্রাংশও উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে উপজেলার ৫ নম্বর কালাপুর ইউনিয়নের ভৈরববাজার এলাকার দেওয়ান মার্কেটের বাইক্কাবিল গ্যারেজে এ অভিযান চালানো হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল মামুনের দিকনির্দেশনায় এএসআই আবু তালেব সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন; শ্রীমঙ্গল উপজেলার মুসলিমবাগ এলাকার মো. হেলাল মিয়ার ছেলে রিপন মিয়া (১৯) এবং মৌলভীবাজার সদর উপজেলার কালিয়াগাঁও এলাকার সৈয়দ তালেব আলীর ছেলে সৈয়দ মুহিন আলী (৩৭)।
পুলিশ জানায়,তাদের হেফাজত থেকে একটি ডায়নামিক,তিনটি ইউয়ান্ডি ও একটি নামবিহীন অটোরিকশাসহ মোট পাঁচটি চোরাইকৃত অটোরিকশা উদ্ধার করা হয়। এছাড়া চারটি অটোরিকশার সামনের গ্লাস,১০টি চাকা,চারটি জাম্পার ও তিনটি ডিফারেন্সিয়াল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য প্রায় ছয় লাখ টাকা।
অভিযান পরিচালনাকারী এএসআই আবু তালেব বলেন,“গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাইকৃত পাঁচটি অটোরিকশা ও বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে অটোরিকশা চুরি এবং চোরাইকৃত অটোরিকশা বেচাকেনার সঙ্গে জড়িত ছিলেন। এ বিষয়ে তদন্ত করে সংশ্লিষ্ট অন্যদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”
পুলিশের ভাষ্য,গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অটোরিকশা চুরি ও চোরাই মালামাল রাখার অভিযোগে দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
মতামত