হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৪২ শিশু।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিত হামে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে এই বিভাগে।
এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত হাম ও হামের উপসর্গে সারাদেশে মোট ১ হাজার ১১৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০২ শিশু। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ১২।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, একই সময়ে সারাদেশে ১ লাখ ৯৪ হাজার ৮৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময়ের মধ্যে ২১ হাজার ৬২৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
এদিকে, ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৭২ হাজার ২১ শিশু। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন।
মতামত