দীর্ঘ ১৭ বছরের শাসনামলে দেশে গণতন্ত্রের পরিবর্তে স্বৈরাচারী ব্যবস্থা চলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। তার মতে, দীর্ঘদিনের এই ‘জঞ্জাল’ পরিষ্কার করে দেশকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে সময় প্রয়োজন। এ জন্য জনগণের প্রতি ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান কাজী জাফর আহমেদের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক স্মরণসভায় এসব কথা বলেন নজরুল ইসলাম খান।
তিনি বলেন, যারা ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দিয়েছেন, তাদের প্রত্যাশা পূরণে সরকার কাজ করবে। তবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মাত্র ছয় মাসকে যথেষ্ট সময় মনে করেন না তিনি।
বিরোধী দলগুলোর প্রতি সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, সরকারের নেওয়া কর্মসূচিগুলো নির্ধারিত সময় অনুযায়ী বাস্তবায়ন করা হবে। সরকার নিজস্ব পরিকল্পনা ও নিয়ম অনুযায়ী দেশ পরিচালনা করছে।
একই সঙ্গে জনগণের কোনো পরামর্শ বা মতামত থাকলে তা সরকারকে জানানোর আহ্বান জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
মতামত