গণ-অভ্যুত্থানের সময়কার বিভিন্ন ঘটনা এবং পরবর্তী রাজনৈতিক বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও রুমিন ফারহানাকে নিয়ে ছড়িয়ে পড়া ব্যঙ্গাত্মক মন্তব্যের প্রসঙ্গ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও সচিব পদমর্যাদার কর্মকর্তা রাশেদ খান। তবে এসব মন্তব্য নিজের নয় বলে স্পষ্ট দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে এ বিষয়ে কথা বলেন রাশেদ খান।
পোস্টে তিনি উল্লেখ করেন, গণ-অভ্যুত্থানের সময় ১৯ জুলাই শহীদদের রক্ত ঝরার ঘটনার পর আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠককে কেন্দ্র করে কিছু সমন্বয়ক মজা করে হাসনাত আব্দুল্লাহকে ‘হাসিনার আব্দুল্লাহ’ নামে ডাকতে শুরু করেন। একইভাবে ডিবি হেফাজতে থাকা অবস্থায় নাহিদ ও আসিফ নির্যাতনের শিকার হচ্ছেন—এমন আলোচনার মধ্যে হাসনাত ও সারজিসকে পুকুরপাড়ে জুস পান করতে দেখার ঘটনাকে ঘিরেও বিভিন্ন ব্যঙ্গাত্মক মন্তব্য ছড়িয়ে পড়ে বলে জানান তিনি।
রাশেদ খান আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে হাসনাত আব্দুল্লাহ রুমিন ফারহানাকে ‘বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক’ বলার পর থেকেই তাকে নিয়েও নানা কৌতুক ও ব্যঙ্গ ছড়াতে থাকে। চায়ের দোকানসহ বিভিন্ন জায়গায় অনেকে রুমিন ফারহানার বক্তব্যকে আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক ভাষ্যের সঙ্গে তুলনা করছেন বলেও তিনি পোস্টে উল্লেখ করেন।
সবশেষে রাশেদ খান স্পষ্ট করে বলেন, এসবই অন্যদের তৈরি করা ব্যঙ্গাত্মক কথা—এর কোনোটি তার নিজের বক্তব্য নয়।
মতামত