মক্কা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কি না, সেটি দেশের নিজস্ব সিদ্ধান্তের বিষয়।
তিনি লিখেছেন, দেশের প্রয়োজন ও জাতীয় স্বার্থ বিবেচনায় বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলে এ নিয়ে অন্য কারও উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।
সম্প্রতি মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে একটি চুক্তি করেছে। চুক্তির আওতায় তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করার কথা বলা হয়েছে।
এরপর থেকেই বাংলাদেশ এই প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হতে পারে—এমন আলোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে পক্ষে-বিপক্ষে মতও দেখা দিয়েছে।
এর আগে গত ১৯ মার্চ রিয়াদে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেন। সেখানে সম্ভাব্য যৌথ নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনা হয়। পরে ওই আলোচনার ধারাবাহিকতায় ৭ আগস্ট মক্কায় প্রতিরক্ষা চুক্তিটি সই হয়।
বাংলাদেশ এই চুক্তিতে যুক্ত হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য প্রকাশ্যে আসেনি।
মতামত