গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক সৌদি প্রবাসীর বসতবাড়িতে জানালার সিধ কেটে ঘরে ঢুকে এক তরুণীকে মারধর ও শ্বাসরোধের চেষ্টা চালিয়ে নগদ টাকা, মোবাইল ফোন এবং স্বর্ণালংকার লুটে নিয়েছে একদল অজ্ঞাতনামা দুষ্কৃতকারী।
গত (২৬ আগস্ট ভোররাত আনুমানিক ৩:৩০ ঘটিকায়) উপজেলার রায়েদ ইউনিয়নের বালুচরা গ্রামে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী শাহানাজ পারভীন রিয়া (২২) বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বালুচরা গ্রামের সৌদি প্রবাসী মোঃ সাইফুল ইসলামের মেয়ে শাহানাজ পারভীন রিয়া ও তার ছোট ভাই তামীম (৯) রাতের খাবার শেষে মাটির ঘরের দরজা-জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়েন।
ভোররাত আনুমানিক ৩:৩০ ঘটিকার সময় অজ্ঞাতনামা ৩/৪ জনের একটি সংবদ্ধ দল পার্শ্ববর্তী রুমের জানালা খুলে ভেতরে প্রবেশ করে। রিয়ার রুমে ঢোকার মুহূর্তে তার ঘুম ভেঙে গেলে সে চোরদের বাধা দেয় ও প্রতিবাদ জানায়। এ সময় দুষ্কৃতকারীরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও পেটাতে থাকে। একপর্যায়ে তারা রিয়ার গলা চিপে ধরে প্রাণনাশের ভয় দেখায় এবং ঘরের ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে নগদ ২,০০০ টাকা, ১২,০০০ টাকা মূল্যের একটি 'ভিভো' স্মার্টফোন এবং রিয়ার গলায় থাকা ১০ আনা ওজনের একটি স্বর্ণের চেইন (যার আনুমানিক মূল্য ১,২০,০০০ টাকা) ছিনিয়ে নেয়।
ভুক্তভোগীদের চিৎকার-চেঁচামেচিতে রিয়ার চাচা ও আশপাশের স্থানীয় লোকজন এগিয়ে এলে দুষ্কৃতকারীরা দ্রুত পালিয়ে যায়। এ বিষয়ে মুঠোফোনে স্থানীয় রায়েদ ইউনিয়নের ইউপি সদস্য শাহজাহান মিয়া জানান, ঘটনাটি আমি শুনেছি। প্রবাসীর বাড়িতে রাতে তরুণীকে মারধর করে মালামাল লুটের বিষয়টিতে আমরা ক্ষুব্ধ এবং ভুক্তভোগী পরিবারকে আইনি পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছি। অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে কাপাসিয়া থানার পুলিশ উপ-পরিদর্শক এনামুল হক বলেন, "অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।
মতামত