গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে কোনাবাড়ীর দেউলিয়াবাড়ি এলাকার একটি ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকাল ৮টার দিকে কোনাবাড়ী থানার দেওলিয়াবাড়ী ক্লাব মোড় এলাকার ওই গোডাউন থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। কর্মচারী ও স্থানীয়রা প্রথমে নিজ উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতা বাড়তে থাকে।
খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার স্টেশনের তিনটি এবং সারাবো ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে অভিযান শুরু করে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট কাজ করছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মতামত