ফরিদপুরের সদরপুর উপজেলায় সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচির অংশ হিসেবে নদীর পাড় ও সড়কের পাশে ১ হাজার ৮টি ঔষধি, ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলার চর নাছিরপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদীর পাড়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সদরপুর উপজেলা প্রশাসন এবং সদরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হামিম সিয়ামের তত্ত্বাবধানে প্রথম ধাপে প্রায় তিন কিলোমিটার এলাকায় এসব গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে সদরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ও ছাত্রদল নেতা তুষার মাহমুদসহ ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় তুষার মাহমুদ বলেন, বৃক্ষরোপণ ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে নদীর পাড় ও সড়কের পাশে গাছ লাগানো হয়েছে। এসব গাছ বড় হয়ে মানুষের ছায়া দেওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনকল্যাণমূলক কাজ করতে পারলে নিজের কাছেও ভালো লাগে, পাশাপাশি মানুষের ভালোবাসা ও দোয়া পাওয়া যায়।
তিনি আরও বলেন, সদরপুর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা মানুষের কল্যাণে কাজ করতে আগ্রহী। গরিব-দুঃখীসহ সব শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হবে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে হামিম সিয়াম, তরিকুল, হাবিবসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা সহযোগিতা করেন। এ সময় তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
মতামত