জয়পুরহাটের ক্ষেতলালে তরুণ মানব কল্যাণ সংস্থার উদ্যোগে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের গবাদিপশু ও ছাগলের জন্য বিনামূল্যে টিকাদান ও ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের আটি আবাসন প্রকল্পের ৫০টি পরিবারের গবাদিপশু ও ছাগলকে বিনামূল্যে টিকা দেওয়া হয়। এ সময় প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা পশুদের বিভিন্ন রোগ প্রতিরোধে টিকা দেওয়ার পাশাপাশি খামারি ও পশুপালনকারীদের প্রয়োজনীয় পরামর্শ দেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মহিউদ্দিন, ক্ষেতলাল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফারুক মিয়া, ক্ষেতলাল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক সোহেল হাজী, তরুণ মানব কল্যাণ সংস্থার সভাপতি মাহমুদুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা জানান, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের গবাদিপশুকে রোগমুক্ত রাখা এবং পশুপালনে উৎসাহিত করার লক্ষ্যেই এ বিনামূল্যের ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প ও টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
মতামত