দিনাজপুরের ফুলবাড়ীতে বাসের ধাক্কা ও চাপায় শিফা নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে শহরের বটতলী এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিফা ফুলবাড়ী নর্থ পয়েন্ট বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সে উপজেলার উত্তর সুজাপুর ডাড়ারপাড় এলাকার ইস্তামুল ও রিক্তা দম্পতির মেয়ে।
স্থানীয়দের ভাষ্য, সকালে মায়ের সঙ্গে স্কুলে যাওয়ার পথে বটতলী এলাকায় সড়ক পার হওয়ার অপেক্ষায় ছিল শিফা। এ সময় দিনাজপুর থেকে আসা শাহী পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে তাকে ধাক্কা দেয়। সড়কে পড়ে যাওয়ার পর বাসটি শিশুটিকে চাপা দিয়ে ঘটনাস্থল ছাড়ার চেষ্টা করে।
পরে স্থানীয়রা বাসটিকে ধাওয়া করে ঢাকামোড় এলাকায় আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে ইউএনও আহমেদ হাসানের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।
ফুলবাড়ী থানার ওসি শহিদুল ইসলাম জানান, পরিবারের সঙ্গে আলোচনা শেষে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মতামত