ফরিদপুর শহরের কমলাপুর এলাকায় প্রেমিকার মৃত্যুর শোক সহ্য করতে না পেরে বিষ পানে তানভীর (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার (১৭ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত তানভীর ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মফিজদ্দিন খালাসীর ডাঙ্গী (এমপি ডাঙ্গী) গ্রামের মৃত মো. আশরাফ হোসেনের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, তানভীর ফরিদপুর শহরের কমলাপুর চানমারী এলাকায় তার একমাত্র বোন তানজিলা আক্তারের বাসায় বেড়াতে এসেছিলেন। বিকেলে তার প্রেমিকার স্ট্রোকজনিত কারণে আকস্মিক মৃত্যুর সংবাদ পান তানভীর। এ খবর শুনে চরম মানসিক আঘাতে শোক সামলাতে না পেরে বিকেল আনুমানিক ৪টার দিকে বোন তানজিলার বাসার বাইরে থেকে বিষ পান করেন তিনি।
বিষ পানের পর তানভীর ঘরের ভেতরে ঢুকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বিষক্রিয়া ছড়িয়ে পড়তে দেখে তার বোন ও মা ছালেহা বেগম তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বিকেল সাড়ে ৪টার দিকে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।
ঘটনার পর পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে ও স্থানীয় লোকজনের সঙ্গে আলোচনা শেষ করে থানায় পৌঁছান। এরপর নিহতের বড় ভাই মো. সাইফুর রহমান (৩৮) তার মা ছালেহা বেগমকে সাথে নিয়ে কোতয়ালী থানায় উপস্থিত হয়ে লিখিতভাবে একটি অপমৃত্যুর সংবাদ জমা দেন।
এ বিষয়ে ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ঘটনার পর নিহতের বড় ভাই সাইফুর রহমান থানায় হাজির হয়ে অপমৃত্যুর তথ্য জানিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
মতামত