দীর্ঘ ৩৫ বছর পর আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে জাতীয় সংসদ ভবনে ভোট গ্রহণ শুরু হয়।
এ নির্বাচনে সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। মোট ৩৪৯ জন সংসদ সদস্যের ভোট দেওয়ার কথা রয়েছে। বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
রাষ্ট্রপতি পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ।
১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনর্বহালের পর সে বছরই সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর সাতজন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোটের প্রয়োজন হয়নি। প্রায় সাড়ে তিন দশক পর আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এবং এই নির্বাচনের প্রধান নির্বাচনি কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিন বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতায় একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তারা আশাবাদী।
মতামত