চলতি আগস্টের শেষদিকে প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
বুধবার (১৯ আগস্ট) মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা ছাত্র অধিকার পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
নুরুল হক নুর বলেন, নতুন এই কার্ডটি অনেকটা এটিএম কার্ডের মতো ব্যবহার করা যাবে। এর মাধ্যমে প্রবাসীরা বিভিন্ন ধরনের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন। বিদেশ থেকে দেশে ফেরার পর সরকারি বিভিন্ন সেবা পাওয়ার ক্ষেত্রেও কার্ডটি কাজে লাগবে।
তিনি আরও জানান, প্রবাসী কার্ডধারীদের সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার ব্যবস্থা থাকবে। দেশে অবস্থানের সময় প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান ও সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রেও কার্ডটি সহায়ক হবে।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। আলোচনায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন এবং মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
মতামত