মৌলভীবাজার পৌরসভা বাজারে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও নকল পণ্য রাখার দায়ে তিন প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টা ১৫ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মৌলভীবাজার সদর থানাধীন পৌরসভা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৯, সিপিসি-২,শ্রীমঙ্গল,মৌলভীবাজার এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজারের সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে।
অভিযানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে হাসি ড্রিংকিং ওয়াটারের মালিক বকুল পালকে ৫ হাজার টাকা এবং বনফুল অ্যান্ড কোম্পানির মালিক আবু সাঈদকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নকল পণ্য রাখার দায়ে খোকন মিট হাউসের মালিক ইমন আহমেদকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৪৫ ধারায় তাদের এ জরিমানা করা হয়। অভিযানে মোট ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
র্যাব-৯ জানায়,ভোক্তাদের অধিকার সংরক্ষণ এবং নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন অমান্য করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা বা অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
র্যাব-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মতামত