ভারত যদি কোনো ধরনের স্বার্থ ছাড়াই বাংলাদেশকে বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানায়, তাহলে সরকার তা ইতিবাচকভাবে দেখবে। তবে আমন্ত্রণের পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা স্বার্থ থাকলে বাংলাদেশ তাতে সাড়া দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
বুধবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। তাই বিশ্বের সব রাষ্ট্রের সঙ্গে সমতা, পারস্পরিক সম্মান ও বন্ধুত্বের ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে চায় সরকার। ভারতের সঙ্গেও একই নীতিতে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে বলে জানান তিনি।
তিনি বলেন, দুই দেশের সম্পর্ক হতে হবে সমমর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধার ওপর প্রতিষ্ঠিত। কোনো পক্ষের চাপ বা একতরফা স্বার্থের ভিত্তিতে সম্পর্ক পরিচালনার সুযোগ নেই।
এ সময় বিএনপির নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকারের নেওয়া বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ সাধারণ মানুষের কাছে তুলে ধরতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মাঠে সক্রিয় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন রিজভী।
মতামত