নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নিহত বা আহত হওয়ার তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান। রাষ্ট্রদূত বলেন, নেপালে অবস্থানরত বাংলাদেশিদের বিষয়ে দূতাবাস নিয়মিত খোঁজখবর রাখছে। এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হতাহত হওয়ার খবর তাদের কাছে আসেনি।
নেপালে সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে বড় ধরনের প্রাণহানি ঘটেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে ১৬৩ জনের মৃত্যু হয়েছে এবং চার শতাধিক মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। নিহত ও নিখোঁজদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন।
এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নেপালের উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে প্রয়োজন হলে সহযোগিতা করার প্রস্তুতির কথাও জানানো হয়েছে। পাশাপাশি নিখোঁজদের দ্রুত উদ্ধারের জন্যও আশা প্রকাশ করেছে বাংলাদেশ।
মতামত