জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনার শাসনামলের কর্মকাণ্ডের কারণেই জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছিল। তাঁর দাবি, ‘শেখ হাসিনার সমাধি এই বাংলার মাটিতে হবে না।’
বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় রাঙামাটি শহরের রিজার্ভবাজার এলাকার একটি রেস্তোরাঁয় এনসিপির জেলা সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, শেখ হাসিনার পতনের পেছনে তাঁর কর্মফলই দায়ী। দেশ ছেড়ে চলে যাওয়ার পর তাঁর আবার ফিরে আসার আলোচনা রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। তাঁর অভিযোগ, দীর্ঘ শাসনামলে রাষ্ট্রের সুযোগ-সুবিধা ও সম্পদের বড় অংশ একটি সীমিত গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যায়। অন্যদিকে দেশের বড় জনগোষ্ঠী ঋণ-ধার করে জীবনযাপন করতে বাধ্য হয়েছে।
জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডসহ শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রসঙ্গও তুলে ধরেন সারজিস।
এ সময় রাঙামাটিসহ তিন পার্বত্য জেলা পরিষদের বর্তমান গঠন নিয়েও সমালোচনা করেন তিনি। সারজিসের ভাষ্য, এসব পরিষদে বিএনপির একটি অংশের প্রভাব রয়েছে। এনসিপি ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমে জেলা পরিষদ গঠনের দাবি জানাচ্ছে। এ দাবি বাস্তবায়ন না হলে দলটি কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
সভায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মতামত