হবিগঞ্জের মাধবপুরে ৩৬১ বোতল এসকাফ সিরাপ,ছয় কেজি গাঁজা ও এক বোতল বিদেশি মদসহ ফাতেমা বেগম (২৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তার এক সহযোগী কৌশলে পালিয়ে যায়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) র্যাব-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে।
র্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ৩টার দিকে রসুলপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় ফাতেমা বেগমকে আটক করা সম্ভব হলেও অপর ব্যক্তি পালিয়ে যায়।
পরে জিজ্ঞাসাবাদে ফাতেমা তার কাছে মাদক থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের খাটের নিচে রাখা দুটি পাটের বস্তা তল্লাশি করে ৩৬১ বোতল এসকাফ সিরাপ,ছয় কেজি গাঁজা ও এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ফাতেমা বেগম মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী। র্যাবের দাবি,জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন,পলাতক সহযোগীসহ সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
র্যাব-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়,গ্রেপ্তার নারী ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন। গ্রেপ্তার নারী ও উদ্ধার করা মাদক পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে র্যাব-৯-এর অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মতামত