ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি সংসদে তুলে ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন রেখেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে সম্পূরক প্রশ্নে তিনি জানতে চান, গত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আইনের শাসন প্রতিষ্ঠায় স্বরাষ্ট্রমন্ত্রী সফল হয়েছেন কি না।
হাসনাত আবদুল্লাহ বলেন, ব্রাহ্মণবাড়িয়াকে সাংস্কৃতিক জেলা বলা হলেও সেখানে গান-বাজনা বন্ধ করে দেওয়া হয়েছে, এমনকি নৌকাবাইচও হচ্ছে না। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পুনরুদ্ধারে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা—বুঝতে পারিনি।’ এরপর তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি না, তা দৃশ্যমান।
স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন অপরাধের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে।
হাসনাতের দেওয়া হত্যা ও আহতের পরিসংখ্যানের ভিত্তি নিয়েও প্রশ্ন তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার মতে, সংসদে আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা হলে তা তথ্য-উপাত্তের ভিত্তিতে হওয়া উচিত।
তিনি আরও বলেন, নির্দিষ্ট কোনো ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার অভিযোগ থাকলে যথাযথ নোটিশের মাধ্যমে সংসদে তা নিয়ে আলোচনা ও বিতর্ক করা যেতে পারে।
মতামত