ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের এক বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজা এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (২৬ আগস্ট) রাত ১২টা ১০ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) রূপম কুমার সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। শশীদল ইউনিয়নের দেউষ এলাকায় ‘দাউয়াতুল হক তালিমুল কোরআন মাদ্রাসা’ সংলগ্ন টানা ব্রিজ থেকে মন্দবাগগামী সড়কের উত্তর পাশে পাকা রাস্তার ওপর থেকে আসামীদের আটক করা হয়। পরে তাঁদের সাথে থাকা ১২ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—কসবা পৌরসভার কালিকাপুর এলাকার মোঃ রনি মিয়া (২৬), দক্ষিণ কসবা এলাকার মোঃ শরীফ (৩৪) এবং কসবার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর এলাকার মোসাঃ লিজা আক্তার (২৩)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মতামত