আগামী সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফশিল ঘোষণা করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তবে ভোটের তারিখ চূড়ান্ত করার আগে দুর্গাপূজা, শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা এবং নির্বাচনের আইনগত সময়সীমাসহ বেশ কিছু বিষয় বিবেচনায় নেওয়া হবে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান সিইসি।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিতে নির্বাচন কমিশনের সচিবকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। তফশিল ঘোষণার পর যেন দ্রুত মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করা যায়, সে অনুযায়ী প্রস্তুতি নিতে বলা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমন্বয়ের কাজও শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
সিইসি জানান, চলতি বছরের মধ্যেই স্থানীয় নির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করতে হবে। সময় নির্ধারণের ক্ষেত্রে বিভিন্ন বাস্তবতা বিবেচনায় নেওয়া হচ্ছে।
ভোট ডিসেম্বরের দিকে হওয়ার সম্ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা যদি নির্ধারিত সময়ের আগেই শেষ করা যায়, তাহলে নভেম্বরের শেষ দিকেও নির্বাচন শুরুর বিষয়টি বিবেচনা করা হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে।
তবে সামনে রমজান, ঈদুল আজহা ও বর্ষাকালসহ বেশ কিছু সময়সীমাগত জটিলতা রয়েছে বলেও জানান সিইসি। সব দিক বিবেচনা করেই স্থানীয় নির্বাচন আয়োজনের সময়সূচি চূড়ান্ত করা হবে।
মতামত