প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা আরও কেন্দ্রীভূত করার পাশাপাশি বিরোধী দলকে নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে নোয়াখালীর মাইজদীতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।
সারজিস আলম বলেন, বর্তমান বিএনপি আর বেগম খালেদা জিয়া কিংবা মেজর জিয়াউর রহমানের সময়কার বিএনপি নয়। একইভাবে ২০২৪ সালের আগে অনলাইনে সাধারণ মানুষের পক্ষে সোচ্চার থাকা তারেক রহমানের মধ্যেও এখন পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেন তিনি।
তার ভাষ্য, এখন তারেক রহমানের মূল লক্ষ্য ক্ষমতা। সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার পর কীভাবে ক্ষমতা নিজের হাতে আরও বেশি কেন্দ্রীভূত করা যায়, রাষ্ট্র ও রাজনৈতিক ব্যবস্থার বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায় এবং বিরোধী দলকে অনুগত রাখা যায়—সেই পরিকল্পনাই শুরু হয়েছে বলে অভিযোগ করেন সারজিস।
তিনি বলেন, সংসদ থেকে রাজপথ পর্যন্ত বিএনপি যে ধরনের রাজনীতি করছে, তার পরিণতি একদিন তাদেরও ভোগ করতে হবে। আওয়ামী লীগের আমলে জাতীয় পার্টিকে ‘পোষ্য বিরোধী দল’ হিসেবে ব্যবহার করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, আগামী বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এমন কোনো অনুগত বিরোধী দল পাবে না। এনসিপি বিএনপির নির্দেশনা বা ‘প্রেসক্রিপশন’ অনুযায়ী সংসদ কিংবা রাজপথে রাজনীতি করবে না বলেও জানান তিনি।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে সারজিস বলেন, নির্বাচনের অভিজ্ঞতা থাকলে এনসিপি আরও অন্তত পাঁচটি আসনে জয় পেতে পারত। তার দাবি, কয়েকটি আসনে দলের প্রার্থীরা অল্প ভোটে পরাজিত হয়েছেন মূলত অভিজ্ঞতার অভাব ও প্রতিপক্ষের কৌশলের কারণে।
আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি ওয়ার্ডে ছাত্র, যুব, নারী ও শ্রমিকসহ এনসিপির বিভিন্ন অঙ্গসংগঠনের কমিটি গঠনের পরিকল্পনার কথাও জানান তিনি। দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করে ২০৩১ সালের নির্বাচনে জনগণের ভোটে সরকারি দল হিসেবে সংসদে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন সারজিস।
বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন, শাহবাগ আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ভূমিকা না থাকায় বিএনপির কিছু নেতা শাহবাগকে সহজভাবে গ্রহণ করতে পারছেন না। তিনি দাবি করেন, দেশের রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকেই ২০২৪ সালের গণঅভ্যুত্থান গড়ে উঠেছিল।
সারজিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপি যদি অতীতের স্বৈরাচারী শাসনের পথ অনুসরণ করে, তাহলে তাদেরও কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে।
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি অভ্যন্তরীণ বিভেদ এড়িয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এনসিপির সামনে দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম রয়েছে উল্লেখ করে যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে ভবিষ্যতে নেতৃত্বের সুযোগ দেওয়ার কথাও বলেন তিনি।
কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সদস্য ইমরান হোসাইন তুহিনের সঞ্চালনায় সভায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
মতামত